দাসপুরে বিক্ষোভ
দি নিউজ লায়নঃ পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে প্রশান্ত বেরা কে।তার বিরুদ্ধে দলীয় কর্মীদের মারধর করে মিথ্যা কেসে ফাঁসিয়ে দেওয়ার সহ নানা ধরনের অসামাজিক কাজের অভিযোগ রয়েছে। তাই প্রশান্ত বেরা কে বিজেপি কর্মীরা প্রার্থী হিসেবে মেনে নিতে পারেনি।তাই সোমবার দাসপুরে প্রশান্ত বেরার কুশ পুত্তলিকা দাহ করে বিক্ষোভ দেখানোর পাশাপাশি তারা পথ অবরোধ করেন।
যার ফলে পাঁশকুড়া ঘাটাল রাজ্য সড়কে বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দাসপুর থানার পুলিশ। পুলিশ অবরোধকারীদের বুঝিয়ে পথ অবরোধ তুলে দেয়। বিজেপির যুব মোর্চার স্থানীয় মণ্ডল কমিটির সভাপতি অভিজিৎ হুতাইত বলেন দুর্নীতিগ্রস্ত প্রশান্ত বেরা কে আমরা দলের প্রার্থী হিসেবে মেনে নিতে পারবো না। তাই আমরা দলের রাজ্য ও জেলা কমিটিকে প্রশান্ত বেরার প্রার্থী পদ বাতিল করার দাবি জানিয়েছি। যদি আমাদের কথায় দল কোন গুরুত্ব না দেয় তাহলে আমরা বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবো।
দাসপুরে বিজেপি দলের প্রার্থীর নাম ঘোষণার পর থেকে বিভিন্ন এলাকায় বিজেপির কর্মীরা প্রশান্ত বেরা র প্রার্থী পদ বাতিলের দাবিতে মিছিল করে বিক্ষোভ দেখায়। তবে বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি অন্তরা ভট্টাচার্য বলেন বিষয়টি আমার জানা নেই। তবে বিষয়টি তিনি খতিয়ে দেখবেন বলে জানান। তাই বিধানসভা নির্বাচনের আগেই প্রার্থী নিয়ে দাসপুর জুড়ে বিক্ষোভ শুরু করেছে বিজেপির কর্মী ও নেতৃত্বরা ।

Post a Comment